মেসেজ পড়ার ১৫ মিনিট পরই তা ডিলিট হয়ে যাবে হোয়াটসঅ্যাপে
ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা আরও শক্তিশালী করতে নতুন একটি ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। জানা গেছে, ‘আফটার রিডিং’ নামে একটি নতুন সুবিধা পরীক্ষামূলকভাবে তৈরি করছে সংস্থাটি। এই ফিচার চালু হলে কোনও মেসেজ পড়া মাত্রই অল্প সময়ের মধ্যে সেটি স্বয়ংক্রিয়ভাবে চ্যাট থেকে মুছে যাবে।
বর্তমানে হোয়াটসঅ্যাপে ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজ’ নামে একটি সুবিধা রয়েছে। এতে ব্যবহারকারীরা চাইলে ২৪ ঘণ্টা, ৭ দিন অথবা ৯০ দিনের টাইমার সেট করতে পারেন। নির্ধারিত সময় শেষ হলে সেই মেসেজ নিজে থেকেই অদৃশ্য হয়ে যায়। তবে নতুন ‘আফটার রিডিং’ ফিচারটি আরও দ্রুতগতির নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কাজ করবে।
নতুন ব্যবস্থায় কোনো মেসেজ পড়ার পর প্রায় ১৫ মিনিটের মধ্যে সেটি উভয় ব্যবহারকারীর চ্যাট থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। আর যদি মেসেজটি খোলা না হয়, তাহলে সেটি প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত চ্যাটে থাকবে। নির্ধারিত সময় পার হলেই সেটিও নিজে থেকেই ডিলিট হয়ে যাবে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রিড রিসিপ্ট বা নীল টিক বন্ধ থাকলেও এই ফিচার কার্যকর থাকবে। ফলে ব্যবহারকারী মেসেজ পড়েছেন কি না তা দেখা না গেলেও নির্দিষ্ট সময়ের মধ্যে বার্তাটি মুছে যাবে।