রিটার্ন দাখিল সাড়ে ৪১ লাখ, সময় বাড়ানোর আবেদন বাড়ছেই
ব্যক্তিশ্রেণির সাড়ে ৪১ লাখ করদাতা এ পর্যন্ত অনলাইনে আয়কর বিবরণী বা রিটার্ন দাখিল করেছেন; সেই সঙ্গে রিটার্ন দাখিলের জন্য সময় বাড়ানোর আবেদনও বাড়ছে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর বলছে, আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করায় অনলাইনে আবেদন দাখিলে 'ব্যাপক সাড়া মিলেছে'।
২০২৫-২০২৬ করবর্ষের জন্য কিছু ব্যতিক্রম ছাড়া সকল ব্যক্তি শ্রেণির করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে।
কর আদায়কারী সংস্থাটি বলছে, ইতোমধ্যে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের ই-রিটার্ন সিস্টেমে ৫০ লাখের বেশি করদাতা নিবন্ধন করেছেন এবং ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা ২০২৫-২০২৬ করবর্ষের রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।
কয়েক দফা বাড়ানোয় এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময় রয়েছে ৩১ মার্চ পর্যন্ত। তবে রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় পাবার সুযোগ থাকায় অনেকেই সেজন্য আবেদন করছেন।