বঞ্চিত ২৭০০ শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে বরাদ্দ পাচ্ছেন ৩০০ এমপি
মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিমের রিকাবীবাজার এলাকায় অবস্থিত শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়। শুধু নামের কারণে আওয়ামী লীগ আমলের ১৬ বছরে স্কুলটির কোনো উন্নয়ন হয়নি। জরাজীর্ণ ভবনে চলছে ক্লাস-পরীক্ষা।
একইভাবে ঢাকার নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয় ও নীলফামারীর সৈয়দপুরের মহিলা ডিগ্রি কলেজের বেগম খালেদা জিয়া ছাত্রীনিবাসও উন্নয়নের মুখ দেখেনি।
রাজনৈতিকসহ নানা কারণে উন্নয়নবঞ্চিত এমন দুই হাজার ৭শ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ ও সংস্কারকাজ করার পরিকল্পনা করেছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নির্দেশনায় বিষয়টি নিয়ে কাজ করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ঈদের ছুটির পর কয়েকটি সভা করে প্রকল্পটি চূড়ান্ত করা হবে।
৩০০ এমপি পাবেন বরাদ্দ
উন্নয়নবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের কাছে তালিকা চাইবে সরকার। প্রত্যেক সংসদ সদস্য তার নিজ এলাকার উন্নয়নবঞ্চিত এবং অবকাঠামো সংকটে ভোগা শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও সংস্কারের জন্য ডিও লেটার (আধা-সরকারি পত্র) দেবেন। সেখানে একজন এমপি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভবন নির্মাণ ও ছয়টি করে শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কারকাজের আবেদন করতে পারবেন।