নড়াইলে তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপায় হত্যার অভিযোগ
নড়াইলে জ্বালানি তেল না পেয়ে বাগ্বিতণ্ডার পর একটি ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার মধ্যরাতে সদর উপজেলার তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং স্টেশনটির সামনে ঢাকা-বেনাপোল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ নড়াইল সদর উপজেলার পেড়লি গ্রামের আকরাম সরদারের ছেলে। এ ঘটনায় গুরুত আহত হয়েছেন নাহিদের মোটরসাইকেলে থাকা বন্ধু জিহাদুল মোল্যা। তিনি তুলারামপুর এলাকার জহুরুল মোল্যার ছেলে।
তানভীর ফিলিং স্টেশনের কর্মচারীরা বলেন, গতকাল রাতে সুজাত নামের এক ট্রাকচালক তানভীর ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যবস্থাপক নাহিদ সরদারের সঙ্গে ট্রাকচালকের বাগ্বিতণ্ডা হয়। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে চালক প্রকাশ্যে ব্যবস্থাপককে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন।