ফিফা র্যাঙ্কিংয়ে পেছাল বাংলাদেশ, সঙ্গে আর্জেন্টিনা–ব্রাজিলও
ভিয়েতনামের কাছে প্রীতি ম্যাচে ৩–০ গোলে হেরে যাওয়া বাংলাদেশ ফুটবল দল দুঃসংবাদ পেল ফিফা র্যাঙ্কিংয়েও। হালনাগাদ করা নতুন তালিকায় আগের অবস্থান থেকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। হামজা চৌধুরী–জামাল ভূঁইয়াদের দলের অবস্থান এখন ১৮১ নম্বরে। অন্যদিকে বাংলাদেশকে হারানো ভিয়েতনাম পাঁচ ধাপ এগিয়ে ১০৩ নম্বরে উঠেছে।
আজ প্রকাশিত হালনাগাদ ফিফা র্যাঙ্কিংয়ে দলগুলোর এই উত্থান–পতন দেখা গেছে।
র্যাঙ্কিংয়ে ওঠানামা দেখেছে শীর্ষ দশের কয়েকটি দলও। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যেমন এক ধাপ পিছিয়ে ৩ নম্বরে নেমেছে। আজ ভোরে ফিফা প্রীতি ম্যাচে ১১৫ নম্বরধারী মৌরিতানিয়াকে ২–১ গোলে হারালেও লিওনেল মেসিদের পয়েন্ট খুব একটা বাড়েনি। আর্জেন্টিনাকে টপকে দুইয়ে উঠেছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। এ সপ্তাহে ব্রাজিলকে ২–১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। তবে শেষ ৫ ম্যাচের ৪টিতেই জেতা স্পেন যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছে।
অবস্থান অপরিবর্তিত আছে চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ডেরও। তবে এক ধাপ এগিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। ৬ থেকে ৫ নম্বরে উঠে এসেছে দলটি। একইভাবে এক ধাপ এগিয়ে ছয়ে উঠে এসেছে নেদারল্যান্ডসও। গতকাল রাতে নরওয়েকে ২–১ গোলে হারিয়েছে ডাচরা।
- ট্যাগ:
- খেলা
- ফিফা র্যাঙ্কিং