সব বিভাগে কম-বেশি বৃষ্টির আভাস
ঢাকাসহ দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় কম-বেশি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এই বৃষ্টি ঝরবে দুদিন, সঙ্গে দমকা বা ঝড়ো হাওয়া বইবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক।
অধিদপ্তরের শনিবার সকালের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ ২৮ তারিখ, আগামীকাল ২৯ তারিখ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তবে এখন আপাতত দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে একটু বৃষ্টি হতে পারে; রাজশাহী, সিলেট বিভাগে।
“কিন্তু বিকাল বা সন্ধ্যা নাগাদ বা রাতে সারাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে এবং আগামীকালও বৃষ্টি হতে পারে প্রায় সারা দেশের বিভিন্ন জায়গাতে হতে পারে।”
কালবৈশাখীর সম্ভাবনা আছে কী না জানতে চাইলে তিনি বলেন, “এখন যে বৃষ্টি হবে সেটা দমকা বা ঝড়ো হাওয়াসহ হবে।”