আট হাজার সরকারি চাকুরের মুক্তিযোদ্ধা সনদ সন্দেহজনক
মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়া ব্যক্তিদের জমা দেওয়া মুক্তিযোদ্ধা সনদ ও তথ্য যাচাই–বাছাই করছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত যাচাইয়ে অন্তত আট হাজার জনের মুক্তিযোদ্ধা সনদ ও তথ্য সন্দেহজনক পাওয়া গেছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, প্রতি ১০০ জনের নাম যাচাই করতে গিয়ে ৭ থেকে ৮ জনের দেওয়া তথ্য সঠিক নয় বা তথ্যে গরমিল রয়েছে বলে উঠে আসছে।
মুক্তিযোদ্ধার ভুয়া সনদ নিয়ে যাঁরা সরকারি চাকরি করছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকার। ১৪ আগস্ট সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ফারুক–ই–আজম। পরদিনই তিনি মুক্তিযোদ্ধার ভুয়া সনদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। যদিও যাচাই–বাছাই শেষ করতে পারেনি অন্তর্বর্তী সরকার।