টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় টাঙ্গাইল-যমুনা সেতু পূর্ব রেললাইনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সুলতান মাহমুদ (২৮), দোলা (৪৫), নার্গিস (৩০), রিপা (২০) ও নীরব (১২)। তারা প্রত্যেকেই গাইবান্ধার সাদুল্লাপুরের বাসিন্দা।
যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহানি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল রেলওয়ে স্টেশন আউটপোস্টের উপপরিদর্শক মিজানুর রহমান সাংবাদিকদের জানান, ঘটনাস্থলে গাইবান্ধার পলাশবাড়ি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের জ্বালানি শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে ঢাকা–টাঙ্গাইল–যমুনা সেতু মহাসড়কের পাশের রেললাইনে বসে ছিলেন।
এ সময় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি ট্রেন তাদের ওপর দিয়ে চলে যায় ও ঘটনাস্থলেই তারা নিহত হন।
নিহতদের মধ্যে তিনজন নারী, একটি শিশু এবং একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি বলে তিনি জানান।