মেহজাবীন-প্রীতমের ‘ক্যাকটাস’ জমল কি
গত কয়েক বছরে ‘কাছের মানুষ দূরে থুইয়া’, ‘দাগি’র মতো ড্রামা সিরিজ-সিনেমা বানিয়েছেন শিহাব শাহীন, আবার ‘সিন্ডিকেট’, ‘গোলাম মামুন’, মাইশেলফ অ্যালেন স্বপন’-এর মতো থ্রিলারও বানিয়েছেন। তবে রোমান্টিক ড্রামার জন্য আলাদা পরিচিতি আছে নির্মাতার। তাঁর আগের কাজ ‘তোমার জন্য মন’; কিছু দুর্বলতা থাকলেও ওয়েব ফিল্মটি দেখা যায় কেবল ড্রামা নির্মাণে শিহাব শাহীনের দক্ষতার কারণেই। ঈদে চরকিতে আসা তাঁর নতুন সিরিজ ‘ক্যাকটাস’-এ তিনি ড্রামা আর রোমাঞ্চের সমন্বয় করার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত রোমান্টিক ড্রামা হিসেবে সিরিজটি চলনসই হলেও স্পাই সিরিজ হিসেবে আরও ভালো হতে পারত।
গল্প শুরু হয় গ্রে হ্যাকার মানসিভকে (প্রীতম হাসান) ঘিরে। এক ঘটনায় জেলে যেতে হয় তাকে। তবে জেল থেকে মুক্তির অদ্ভুত এক প্রস্তাব পায় সে—রাষ্ট্রের জন্য গোপন একটা কাজ করে দিতে হবে। চট্টগ্রামে আসা এক কনটেইনার না খুলে নির্দেশমতো জায়গায় পৌঁছে দিতে হবে। মানসিভ কি সেটা পারবে? এর মধ্যে দৃশ্যপটে হাজির হয় রহস্যময় এক তরুণী অনুরা (মেহজাবীন চৌধুরী)। কে সে? মানসিভের সঙ্গে কীভাবে তাঁর জীবন জুড়ে গেল, সেটাই উঠে এসেছে ছয় পর্বের সিরিজটিতে।