এমবাপে, একিটিকের গোলে ১০ জনের দল নিয়েও ব্রাজিলকে হারালো ফ্রান্স
ম্যাচের অনেকটা সময় ১০ জন নিয়ে খেললেও কিলিয়ান এমবাপে ও হুগো একিটিকের নৈপুণ্যে জয় ছিনিয়ে নিয়েছে ফ্রান্স। দুই পরাশক্তির লড়াইয়ে অনেক সুযোগ পেয়েও ফিনিশিংয়ের অভাবে ভুগল ব্রাজিল।
বৃহস্পতিবার বোস্টনে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারায় ফরাসীরা। গোল করেন এমবাপে ও একিটিকে। ব্রাজিলের হয়ে এক গোল ফেরত দেন ব্রেমার।
হাইভোল্টেজ এই ম্যাচে সবার নজর ছিল ইনজুরি কাটিয়ে ফেরা কিলিয়ান এমবাপের ওপর। ম্যাচের ৩১ মিনিটে বর্তমান ব্যালন ডি'অর জয়ী উসমান দেম্বেলের পাস থেকে বল পেয়ে চমৎকার এক চিপ শটে গোলরক্ষক এদেরসনকে পরাস্ত করেন এমবাপে। এই গোলের মাধ্যমে জাতীয় দলের হয়ে ৫৬তম গোল করলেন তিনি, যা তাকে অলিভিয়ের জিরুডের সর্বকালের সর্বোচ্চ ৫৭ গোলের রেকর্ডের একদম দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে নাটকীয় মোড় নেয় যখন ৫৫ মিনিটে ডিফেন্ডার দায়োত উপামেকানো লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ভিএআর রিভিউ শেষে মার্কিন রেফারি গুইডো গনজালেস তাকে মাঠ ছাড়ার নির্দেশ দিলে ১০ জনের দলে পরিণত হয় ফ্রান্স।