পদ্মায় বাসডুবি: বাবার হাত থেকে ছিটকে তলিয়ে যায় তিন বছরের ইসরাফিল
বাসের পেছনের দ্বিতীয় সারিতে জানালার পাশে বসে ছিলেন নুরনাহার। পাশে বসা স্বামী দেলোয়ার হোসেনের কোলে ছিল তিন বছরের একমাত্র ছেলে ইসরাফিল হোসেন। বাস ফেরিতে ওঠার সময় পদ্মা নদীতে পড়ে গেলে পেছনের যাত্রীরা ধাক্কা লেগে সামনের দিকে চলে যান। কয়েক সেকেন্ড পর বাস তলিয়ে যেতে থাকে। মুহূর্তেই বাবার হাত থেকে ছিটকে তলিয়ে যায় ইসরাফিল।
আজ বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার সন্তোষপুর গ্রামে নিজ বাড়িতে আহাজারি করতে করতে এভাবেই একমাত্র ছেলেকে হারানোর কথা বলছিলেন নুরনাহার। তাঁর বাবার বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। স্বামী দেলোয়ার ঢাকায় একটি প্রতিষ্ঠানে গাড়ি চালানোর প্রশিক্ষণ দেন। ঈদের ছুটি শেষে পাংশা বাসস্ট্যান্ড থেকে তাঁরা ঢাকায় ফিরছিলেন।
গতকাল বুধবার বিকেল সোয়া পাঁচটার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায়। কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাসটিতে প্রায় ৪৫ জনের মতো যাত্রী ছিলেন। এ ঘটনায় আজ দুপুর পর্যন্ত শিশু ইসরাফিলসহ ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
একমাত্র ছেলেসন্তানকে হারিয়ে পাগলপ্রায় নুরনাহার। বাসডুবির কিছুক্ষণ পর তিনি ভেসে ওঠেন। কীভাবে বের হয়েছেন জানেন না। ওই সময়ের বর্ণনা দিয়ে নুরনাহার বলেন, ‘বাস তলিয়ে যাওয়ার সময় সবাই বাসের ভেতর ঘুরতে থাকে। কখন কীভাবে বের হয়েছি কিছুই মনে নাই। শুধু কানে চিৎকার শুনতে পেয়েছি। ভেসে ওঠার পর কয়েকজন আমাকে একটা দড়ির সাহায্যে টেনে তোলে। উঠে নৌকার ওপর স্বামীকে দেখতে পাই। কিন্তু ছেলেকে খুঁজে পাইনি।’