হাদি হত্যা মামলা: ফয়সাল, আলমগীরকে দিল্লি নিয়ে গেছে তদন্ত সংস্থা
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য নয়াদিল্লিতে নিয়ে গেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভারতে গ্রেপ্তার এই দুজনকে গত সোমবার রাতে কলকাতা থেকে নয়াদিল্লি নিয়ে যাওয়া হয়। ভারতে অনুপ্রবেশ ও অবস্থানের সঙ্গে কারা জড়িত, সে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।
ফয়সাল ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার পর্যন্ত ভারতের কাছ থেকে কনস্যুলার সুবিধা পায়নি বাংলাদেশ। তবে দ্রুত এ সুবিধা পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার।
সূত্র জানায়, ফয়সাল ও আলমগীরকে গত বোরবার পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হলে তাঁদের ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত। পরে তদন্তের স্বার্থে নতুন করে আবেদন জানিয়ে তাঁদের নিজেদের হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এই দুজনের বিরুদ্ধে শুরুতে ফরেনার্স অ্যাক্টে মামলা করা হলেও তদন্তে নতুন তথ্য আসায় বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের ১৬ ও ১৮ ধারায় মামলা করা হয়। তদন্তকারীদের ধারণা, ফয়সাল ও আলমগীরের ভারতে অনুপ্রবেশ, অবস্থানের সঙ্গে বড় ধরনের কোনো চক্র জড়িত থাকতে পারে। এসব বিষয়ে তাঁদের বিশদ জিজ্ঞাসাবাদের জন্য নয়াদিল্লিতে নেওয়া হয়েছে। সেখানে তাঁদের আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁদের সঙ্গে কাদের যোগাযোগ ও আর্থিক লেনদেন হয়েছে, সেসব খতিয়ে দেখা হচ্ছে।