পূর্ণাঙ্গ বিজয় পর্যন্ত লড়াই চলবে, ঘোষণা ইরানের সশস্ত্র বাহিনীর
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ‘‘পূর্ণাঙ্গ বিজয় না আসা পর্যন্ত’’ লড়াই চলবে বলে ঘোষণা দিয়েছে ইরানের সামরিক বাহিনী। মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের একজন মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন।
ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদির এই মন্তব্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা হয়েছে। তিনি বলেছেন, ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।''
ইরানি এই জেনারেল ‘‘পূর্ণাঙ্গ বিজয়’’ বলতে ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যেকোনও আলোচনায় কোনও ধরনের ছাড় দেওয়ার বিষয়ে সতর্ক করতেই ইরানি সামরিক বাহিনীর অবস্থানের বিষয়ে তিনি ধারণা দিয়েছেন বলে মনে করা হচ্ছে।