১২ কোটি বছর আগের ডাইনোসরের জীবাশ্মের খোঁজ
ব্রাজিলে আবিষ্কৃত একটি নতুন ডাইনোসরের জীবাশ্ম বিজ্ঞানীদের প্রাচীন পৃথিবীর মানচিত্র পুনর্গঠনে নতুন দিশা দেখাচ্ছে। এই আবিষ্কার প্রমাণ করছে, আজ যে মহাদেশ বিশাল মহাসাগর দ্বারা বিচ্ছিন্ন, ১২ কোটি বছর আগে তা স্থলপথের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত ছিল।
গবেষকদের মতে, নতুন আবিষ্কৃত জীবাশ্ম দীর্ঘ ঘাড়বিশিষ্ট এক দানবীয় ডাইনোসরের, যা আর্লি ক্রিটেশিয়াস যুগে পৃথিবীতে বিচরণ করত। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, ব্রাজিলের এই ডাইনোসরের সঙ্গে স্পেনে আবিষ্কৃত একটি প্রজাতির বিবর্তনীয় মিল খুঁজে পাওয়া গেছে। এটি নির্দেশ করে, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও ইউরোপের একাংশ একসময় স্থলপথে যুক্ত ছিল। উত্তর-পূর্ব ব্রাজিলের মারানহাও অঙ্গরাজ্যের টোকানটিনস নদী অববাহিকার কাছে এই নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ডাসোসরাস টোকানটিনেনসিস। এটি সরোপড নামক তৃণভোজী ডাইনোসর দলের অন্তর্ভুক্ত ছিল, যেগুলো তাদের দীর্ঘ ঘাড় এবং বিশাল শরীরের জন্য পরিচিত।