ঈদের সময় খাবার থেকে যেসব সমস্যা হতে পারে, সুস্থ থাকতে যা করবেন
দীর্ঘ একটা মাস সিয়াম সাধনার পর হুট করে ভারী খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন কেউ কেউ। তা ছাড়া লম্বা ছুটিতে গুরুপাক খাবার খেতে খেতে দীর্ঘমেয়াদি কিছু সমস্যার ঝুঁকিও বাড়তে পারে। খাবার থেকে কোন ধরনের সমস্যা হতে পারে আর সুস্থ থাকতে কী করতে হবে, এসব বিষয়ে ঢাকার ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক ডা. সাইফ হোসেন খানের সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম।
সুস্বাদু খাবারদাবার ছাড়া কি আর উৎসব হয়? তাই তো ঘরে ঘরে ঈদের আয়োজনে সবাই চেষ্টা করেন সেরা খাবার প্রিয়জনের পাতে তুলে দিতে। খাবার হয়তো দারুণ, কিন্তু কিছু বিষয় খেয়াল না রাখলে সমস্যা সৃষ্টি হতে পারে ওই খাবার থেকেই।
পেট ফাঁপা, অ্যাসিডিটি বা অতিরিক্ত গ্যাস
উৎসবে ভূরিভোজের পর এ ধরনের সমস্যাই সবচেয়ে বেশি হয়ে থাকে। অতিরিক্ত তেল বা মসলা দেওয়া খাবার কিংবা অতিরিক্ত পরিমাণ খাবার গ্রহণ করার কারণেই পেট ফাঁপা, অ্যাসিডিটি বা অতিরিক্ত গ্যাস হয়ে থাকে। এমন সমস্যা এড়াতে রান্নার সময় এবং খাবার খাওয়ার সময় পরিমিতিবোধ বজায় রাখা জরুরি। আরও খেয়াল রাখবেন, খাবার এবং পানীয় গ্রহণের মাঝে অন্তত মিনিট কুড়ি সময়ের ব্যবধান থাকা প্রয়োজন।
আর এ ধরনের সমস্যা যদি হয়েই যায়, তখন কিন্তু নতুন করে গুরুপাক খাবার খাওয়ার সুযোগ নেই। বরং তখন বাধ্য হয়েই নিতান্ত হালকা তেল আর হালকা মসলায় রান্না করা খাবার খেতে হবে।