সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশির মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনেরা

প্রথম আলো প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ২১:৩৯

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত বাংলাদেশি আবদুল্লাহ আল মামুন (৩৫) মারা গেছেন। তাঁর বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামে।


পরিবারের সদস্যরা জানান, ঈদুল ফিতরের এক মাস পর মামুনের দেশে ফেরার কথা ছিল; নির্মাণ করতে চেয়েছিলেন নতুন বাড়ি। তাঁর মৃত্যুতে সব স্বপ্ন ও পরিকল্পনা শেষ হয়ে গেছে।


নিহত আবদুল্লাহ আল মামুন ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন। সংসারে সচ্ছলতা ফেরাতে তিনি ১৫ বছর আগে সৌদি আরবে যান। সবশেষ পাঁচ বছর আগে তিনি দেশে এসেছিলেন। তাঁর স্ত্রীর নাম শারমিন আক্তার (৩০)। এ দম্পতির মাহেদী শেখ (৬) নামে একটি ছেলেসন্তান আছে।


পরিবার সূত্রে জানা গেছে, ৮ মার্চ ইফতারের আগমুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র হামলায় মামুন গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা মামুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


গতকাল বুধবার মামুনের মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা। এর পর থেকে তাঁর মা শাহিদা খাতুনের কান্না যেন থামছে না। শাহিদা খাতুন বলেন, ‘আমরা অসহায় গরিব মানুষ। আমার বাবারে টেকার জন্য বিদেশ পাঠাইছি। আমার বাবা খালি কইছে টেহা কামাইয়া বাড়িঘর করবাম। আমার বাবা তো বাড়িঘর কিচ্ছু করতারলো না। একটা ছেরা আছে, তার লাগি কিছু করতারলো না, বাপ-মার লাগিও কিছু করতারলো না। সরকারের কাছে আবেদন জানাই আমার পুতের লাশ যত তাড়াতাড়ি পারে আইনা দেওক।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও