ঈদের পর এনসিপিতে যোগ হচ্ছে আরও দুই সহযোগী সংগঠন
রাজনৈতিক পরিসরে নিজেদের সাংগঠনিক বিস্তার আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঈদের পরপরই গঠিত হবে নতুন দুটি সহযোগী সংগঠন। ‘জাতীয় কৃষক শক্তি’ ও ‘জাতীয় স্বেচ্ছাসেবক শক্তি’ নামে সংগঠন দুটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করতে পারে বলে খবর দলীয় সূত্রের।
দলের একাধিক শীর্ষ নেতা জাগো নিউজকে জানান, ইতোমধ্যে দলীয় ফোরামে এ দুই সংগঠনের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কৃষিখাতের সঙ্গে সংশ্লিষ্ট মানুষ এবং সামাজিক ও মানবিক কার্যক্রমে যুক্ত স্বেচ্ছাসেবীদের সংগঠিত করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে দলটি বিভিন্ন পেশাভিত্তিক মানুষের অংশগ্রহণ আরও বাড়াতে চায়।
নেতারা বলছেন, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী কৃষির সঙ্গে সম্পৃক্ত হলেও রাজনৈতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ তুলনামূলক কম। কৃষক শক্তি গঠনের মাধ্যমে এই খাতের মানুষের দাবি-দাওয়া তুলে ধরে তাদের সরাসরি সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। একইভাবে স্বেচ্ছাসেবক শক্তি সামাজিক কার্যক্রম, দুর্যোগ মোকাবিলা ও জনসেবামূলক উদ্যোগে সক্রিয় ভূমিকা রাখবে।
এর আগে এনসিপি ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমশক্তি ও নারীশক্তি নামে চারটি সহযোগী সংগঠন গঠন করে। নতুন দুটি সংগঠন যুক্ত হলে দলটির সাংগঠনিক কাঠামো আরও বিস্তৃত ও শক্তিশালী হবে বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।