ঈদের সারা দিন সুস্থ থাকতে কী করবেন
চৈত্রের খরতাপের মধ্যে পড়বে এবারের ঈদ। তাই স্বস্তি ও আরামের দিকটা বিশেষভাবে খেয়াল রাখুন। স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডা. তাসনোভা মাহিন ও টাঙ্গাইলের কুমুদিনী সরকারি কলেজের গার্হস্থ্য অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক শম্পা শারমিন খান-এর সঙ্গে কথা বলে এ বিষয়ে পরামর্শ দিয়েছেন রাফিয়া আলম।
রসনায় তৃপ্তি, রসনায় স্বস্তি
ঈদের একটা বড় অংশজুড়ে থাকে সুস্বাদু খাবারদাবার। তবে অতিরিক্ত তেল বা মসলায় তৈরি খাবার সাময়িক তৃপ্তি দিলেও পরে অস্বস্তির বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই খাবারদাবারের আয়োজনে সতর্ক থাকুন।
হালকা তেল ও মসলায় খাবার রান্না করুন। আয়োজন স্বস্তিদায়ক করতে একটু সাদামাটা হলেও ক্ষতি নেই। যেমন কোনো বেলায় সুগন্ধি চালের ভাত করতে পারেন।
সালাদ–জাতীয় পদ রাখুন। নানা রকম ফলমূল ও কাঁচা সবজি দিয়ে সুস্বাদু সালাদ করা যেতে পারে। বৈচিত্র্যও আসবে।
ক্যালরির দিকেও খেয়াল রাখুন। একটানা কয়েক দিন বাড়তি ক্যালরি গ্রহণ করলে ওজন নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়বে।
ভারী খাবার যদি খেতেই হয়
ভারী খাবার খেতে হলে পরিমাণ কম রাখবেন। এ ধরনের খাবার খাওয়ার পর হজম–সহায়ক পানীয় গ্রহণ করা ভালো। বোরহানি, টক দই দিয়ে তৈরি অন্যান্য পানীয়, জিরাপানি, তেঁতুলপানি, লেবুপানি খেতে চেষ্টা করুন। জিরাপানি তৈরি করতে চাইলে বাড়িতে জিরা টেলে নিন।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- ঈদুল ফিতর
- সুস্থ থাকা