প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা ঈদ করবেন যেখানে
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর সুপ্রিম কোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিতব্য এই জামাতে তিনিসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেবেন।
ঈদের দিন প্রধানমন্ত্রী ঢাকায় অবস্থান করে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেও বিএনপির শীর্ষ নেতাদের বেশির ভাগই নিজ নিজ সংসদীয় এলাকায় ঈদ উদ্যাপন করবেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্রে জানা গেছে, জাতীয় ঈদগাহে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। নামাজ আদায় শেষে ঈদের দিন কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথমে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। এরপর সকাল ১০টায় যমুনায় এসে কূটনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।