পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা
ঈদযাত্রার তৃতীয় দিনে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুর টোলপ্লাজা এলাকায় গাড়ির ঢল নেমেছে। মাঝেমধ্যেই পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় গাড়ির জটলা সৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ) সকাল থেকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজায় গাড়ির সাড়ি দেখা গেছে। এতে গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৫০ টাকা।
গণ পরিবহনের পাশাপাশি মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে করে যে যার মতো ছুটছে গন্তব্যে। পাশাপাশি পিকআপ-ট্রাকেও বাড়ির পথে ছুটতে দেখা গেছে যাত্রীদের। সেতুর ১০টি বুথে নির্ধারিত টোল দিয়ে পারাপার হচ্ছে এসব যানবাহন। যানবাহনের চাপ থাকলেও এইপথে কোন জট না থাকায় ভোগান্তি ছাড়াই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। একইভাবে এক্সপ্রেসওয়েতেও বৃদ্ধি পেয়েছে গাড়ির সংখ্যা।
এদিকে বিগত কয়েকদিনের মতো আজও এই পথে অতিরিক্ত ভাড়া আর পর্যাপ্ত গাড়ি না পাওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। পদ্মা সেতু উত্তর থানা মোড় অপেক্ষারত দেখা যায় যাত্রীদের। তারা জানান, যাত্রীর চাপে কোন কোন পরিবহন দ্বিগুণ ভাড়া নিচ্ছে।
যানবাহন পারাপারের বিষয়ে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ জানান, গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৫ হাজার ৫০ টাকা। দ্রুত টোল আদায় নিশ্চিতে মাওয়া প্রান্তে ১০টি বুথ ও জাজিরা প্রান্তে ৯টি বুথ ২৪ ঘণ্টা চালু রয়েছে। যানবাহনের চাপ থাকলেও দীর্ঘ জট তৈরি হচ্ছে না।