ঈদের আগে একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা
আর একদিন পরেই মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের আগে একদিনে দুইবার সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দুদফায় প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৩৩৮ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি কমে দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নেমে এসেছে। সকালে ছিল দুই লাখ ৫৪ হাজার টাকা এবং গতকাল যা ছিল ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকায়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
এর আগে প্রথম দফায় সকালে ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল বাজুস। ওই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছিল।
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে। বেঁধে দেওয়া দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।