You have reached your daily news limit

Please log in to continue


রাজধানীতে চলন্ত প্রাইভেট কার থেকে ব্যাগ টান, রিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

রাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেট কার থেকে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে ছিটকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সকালে উত্তরা দক্ষিণ মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

মুক্তা আক্তার (২১) দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় স্বামীর সঙ্গে ভাড়াবাসায় থাকতেন। রিকশা থেকে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী আহসানউল্লাহ মেডিকেল ও পরে পঙ্গু হাসপাতালে (নিটোর) নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

মুক্তার স্বামী লিমন হোসেন জানান, তারা দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। সকালে তার স্ত্রী ঈদের কেনাকাটা করতে ব্যাটারিচালিত রিকশায় করে মিরপুরের পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন। রিকশাটি উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি প্রাইভেট কার থেকে কেউ হাত বাড়িয়ে মুক্তার ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

লিমন আরও জানান, মুক্তার সঙ্গে থাকা অন্যজন ও পথচারীরা তাকে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে তিনি সেখানে গিয়ে স্ত্রীকে আশঙ্কাজনক অবস্থায় দেখতে পান। এরপর দ্রুত তাকে টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ও পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়। সবশেষে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন