মাঠে নিজের ‘দেড়শ ভাগ’ দিতে মদ্যপান ছেড়েছেন ভারতীয় স্পিনার
বয়স পেরিয়ে গেছে ৩৫। পারফরম্যান্সেও দেখা যাচ্ছে ভাটার টান। নিজের করণীয় তাই বুঝে নিয়েছেন ইউজভেন্দ্রা চেহেল। আইপিএল ইতিহাসের সফলতম বোলার মাঠে আরও সক্রিয় ও কার্যকর থাকতে চান তিনি এবং নিজেকে উপস্থাপন করতে চান উদাহরণ হিসেবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ছয় মাসের বেশি সময় ধরে অ্যালকোহলের সঙ্গে আড়ি চলছে তার, জানালেন ভারতের এই লেগ স্পিনার।
ভারতের সীমিত ওভারের দলে একসময় নিয়মিত মুখ ছিলেন চেহেল। দেশের হয়ে ৭২ ওয়ানডে ও ৮০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। তবে ২০২৩ সালের অগাস্টের পর জাতীয় দলে আর দেখা যায়নি তাকে। প্রথম ভারতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি উইকেটের সেঞ্চুরির পথে থাকলেও আটকে গেছেন ৯৬ উইকেটে। পরে ১০০ উইকেট পেরিয়ে গেছেন আর্শদিপ সিং, জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়া।
আইপিএলে অবশ্য এখনও তিনি বড় নাম। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি আসরে ২২১ উইকেট শিকার করেছেন তিনি, আর কোনো বোলার ২০০ ছুঁতে পারেননি। গত মৌসুমে ১৬ উইকেট নিয়ে অবদান রেখেছেন পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলায়। তবে ওভারপ্রতি রান দিয়েছেন ৯.৫৫ করে। সার্বিক পারফরম্যান্স ছিল কিছুটা অধারাবাহিক। গত সাত মৌসুমের মধ্যে সবচেয়ে কম সফল মৌসুম ছিল গতবার।
- ট্যাগ:
- খেলা
- মদ্যপান
- ছেড়ে দেওয়া