ঈদযাত্রায় লঞ্চ ও ট্রেন দুর্ঘটনা ‘দুর্বল তদারকির প্রতিফলন’
রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে একজনের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
এসব দুর্ঘটনা ‘বিচ্ছিন্ন নয়’ দাবি করে দলটি বলছে, সাম্প্রতিক এসব দুর্ঘটনা দেশের পরিবহন ব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দলের পক্ষে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, সদরঘাটের দুর্ঘটনায় নিহত মো. সোহেল (২২) নামে একজনের মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। এমন দৃশ্য সহ্য করা সত্যিই কঠিন।
দলটি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং নিখোঁজ ব্যক্তিদের দ্রুত সন্ধান ও আহতদের সুস্থতা কামনা করে। একই সঙ্গে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় আহত যাত্রীদের আরোগ্য কামনা করে।