সাফারি ব্রাউজারের নিরাপত্তাত্রুটি সংশোধনে অ্যাপলের উদ্যোগ
সম্প্রতি সাফারি ব্রাউজারের মূল প্রযুক্তি ওয়েবকিটে একটি নিরাপত্তা–দুর্বলতা শনাক্ত করেন এক গবেষক। এই ত্রুটির কারণে কোনো ক্ষতিকর ওয়েবসাইট একই সঙ্গে চালু থাকা অন্যান্য ওয়েবসাইটের তথ্য অননুমোদিতভাবে সংগ্রহ করতে পারত। এতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি ছিল। তাই আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের তথ্য নিরাপদ রাখতে সাফারি ব্রাউজারের নিরাপত্তায় সফটওয়্যার হালনাগাদ প্রকাশ করেছে অ্যাপল।
অ্যাপল জানিয়েছে, ‘ব্যাকগ্রাউন্ড সিকিউরিটি ইমপ্রুভমেন্ট’ মূলত ছোট আকারের সফটওয়্যার হালনাগাদ। এই হালনাগাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ নিরাপত্তাত্রুটির দ্রুত সমাধান দেওয়া সম্ভব। প্রচলিত বড় আপডেটের জন্য অপেক্ষা না করে মধ্যবর্তী সময়েই এসব সংশোধনী ব্যবহারকারীদের ডিভাইসে পৌঁছে দেওয়া যায়। এ সুবিধা আইওএস, আইপ্যাডওএস ও ম্যাকওএসের সর্বশেষ সংস্করণ সংস্করণ ২৬.১ বা এর পরবর্তী চালিত ডিভাইসে যুক্ত হয়েছে।
সাফারি ব্রাউজারে থাকা ত্রুটিটি কতটা ঝুঁকিপূর্ণ ছিল বা কেন তাৎক্ষণিকভাবে সংশোধন করার প্রয়োজন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি অ্যাপল। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। ব্যবহারকারীরা বলছেন, এই হালনাগাদ ইনস্টল করতে দীর্ঘ সময়ের প্রয়োজন হয়নি। সাধারণ বড় সফটওয়্যার আপডেটের মতো জটিল প্রক্রিয়ার বদলে ডিভাইসটি একবার রিস্টার্ট করলেই আপডেট সম্পন্ন হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- নিরাপত্তা
- ব্যক্তিগত তথ্য
- অ্যাপল