You have reached your daily news limit

Please log in to continue


ঈদের দিনে খাবার টেবিলে চিনি ছাড়া মজাদার সেমাই

ঈদ আনন্দ সেমাই ছাড়া ভাবাই যায় না। ঈদের দিনে খাবার টেবিলে সেমাই থাকবে না, তা হয় নাকি। তবে যাদের ডায়াবেটিস আছে বা চিনি কম খেতে চান, তাদের জন্য প্রচলিত সেমাই অনেক সময়ই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। আর স্বাস্থ্য সচেতনতা কিংবা ডায়াবেটিসের কারণে অনেকেই চিনি এড়াতে চান। কিন্তু চিনি ছাড়াও প্রাকৃতিকভাবে মিষ্টি ব্যবহার করে অত্যন্ত সুস্বাদু সেমাই তৈরি করা সম্ভব। তাই স্বাস্থ্য সচেতনদের জন্য তৈরি করা যেতে পারে চিনি ছাড়া সেমাই। প্রাকৃতিক সুইটনার ব্যবহার করে বানানো এই সেমাই স্বাদেও দারুণ, আবার তুলনামূলকভাবে স্বাস্থ্যকরও। তবে চিনি ছাড়া সেমাই রান্না করার সময় দুধ একটু বেশিই ঘন (ক্ষীরসা টাইপ) করে নিলে খেতে বেশ ভালো লাগে। আর চুলা থেকে নামানোর আগে সামান্য এলাচ গুঁড়া এবং ওপরে বাদাম কুচি ছিটিয়ে দিলে স্বাদ ও সুগন্ধ দুই-ই বাড়ে।

চলুন জেনে নেওয়া যাক, চিনি ছাড়া সেমাই—

উপকরণ

সেমাই ১ কাপ। দুধ ১ লিটার। খেজুর পেস্ট বা খেজুর কুচি পরিমাণমতো। এলাচ গুঁড়া সামান্য। ঘি ১ চা চামচ। কাজু ও কিসমিস পরিমাণমতো। পেস্তা কুচি। 

প্রণালি

প্রথমে একটি প্যানে সামান্য ঘি গরম করে তাতে সেমাই হালকা করে ভেজে নিন। আরেকটি পাত্রে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। এরপর দুধ ফুটে উঠলে এতে ভাজা সেমাই যোগ করুন এবং মাঝারি আঁচে নেড়ে রান্না করুন। এবার সেমাই নরম হয়ে এলে এতে খেজুর পেস্ট বা খেজুর কুচি মিশিয়ে দিন। এতে সেমাইয়ে প্রাকৃতিক মিষ্টতা আসবে। এবার এলাচ গুঁড়া, কাজু ও কিশমিশ দিয়ে কয়েক মিনিট নেড়ে নিন। এবার পেস্তা কুচি উপরে ছড়িয়ে দিন। কিছুক্ষণ রান্না করে নামিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল চিনি ছাড়াই সুস্বাদু ঈদের সেমাই। গরম বা ঠান্ডা— দুইভাবেই পরিবেশন করা যায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন