You have reached your daily news limit

Please log in to continue


ঈদের ডেজার্টে রাখুন ফ্রুট ট্রাইফেল

ঈদের দিন মানেই নানা রকম মিষ্টির আয়োজন। চেনা-জানা মিষ্টির পাশাপাশি নতুন স্বাদের কিছু রাখলে অতিথি আপ্যায়ন আরও জমে ওঠে। এমনই একটি ডেজার্ট হলো ফ্রুট ট্রাইফেল। এটি যেমন দেখতে সুন্দর, তেমনি খেতেও দারুণ মজাদার। ফ্রুট ট্রাইফেল বানানো খুবই সহজ এবং এতে বিশেষ কোনো ঝামেলাও নেই। সাধারণ উপকরণ দিয়েই অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এই ডেজার্ট।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে ফ্রুট ট্রাইফেল তৈরি করবেন-

উপকরণ

১. তরল দুধ ১ কাপ
২. ডিমের কুসুম ২টি
৩. চিনি ২ টেবিল চামচ
৪. কাস্টার্ড পাউডার ২ চা চামচ
৫. কেক টুকরো ২কাপ
৬. আপেলকুচি ৪ টেবিল চামচ
৭. কলা টুকরো ৪ টেবিল চামচ
৮. স্ট্রবেরি কাটা ৬ টি
৯. জেলোপাউডার ২ টেবিল চামচ
১০. হুইপড ক্রিম আধা কাপ

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি পাত্রে গুঁড়া দুধ, কাস্টার্ড পাউডার, ডিমের কুসুম, সামান্য চিনি ও পানি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর মিশ্রণটি চুলায় বসিয়ে মাঝারি আঁচে রান্না করুন এবং ক্রমাগত নাড়তে থাকুন, যাতে কোনো দলা না বাধে। ধীরে ধীরে মিশ্রণটি ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হতে দিন। জেলো পাউডার গরম পানিতে গুলিয়ে নিন।

এবার একটি বড় কাঁচের ডিশ নিন। ডিশের নিচে প্রথমে কেকের টুকরোগুলো সমানভাবে বিছিয়ে দিন। এর ওপর কাটা স্ট্রবেরি, আপেল কুচি ও কলার টুকরো ছড়িয়ে দিন, যাতে প্রতিটি স্তরে ফলের স্বাদ পাওয়া যায়।এরপর ফলের স্তরের ওপর তৈরি করা কাস্টার্ডের একটি পুরু স্তর ঢেলে দিন। কাস্টার্ডটি যেন পুরো ফল ও কেকের স্তর ঢেকে ফেলে, সেদিকে খেয়াল রাখুন।

সবশেষে ওপরের অংশে হুইপড ক্রিম দিয়ে সুন্দরভাবে ঢেকে দিন। সাজানোর জন্য উপরে স্ট্রবেরির স্লাইস কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন