‘ও আল্লাহ, ও মা’ বলতে বলতে শেষ! শেষ তিন ঘণ্টায় কী ঘটেছিল
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমন আর নেই। গতকাল মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর। আজ বুধবার বেলা ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। পরিবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরলে রাজশাহীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে। ততক্ষণ পর্যন্ত মরদেহ রাখা হয়েছে রাজধানীর সিএমএইচের হিমঘরে।
গতকাল রাতে শামস সুমনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিনোদন অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। সহকর্মী ও ভক্তদের অনেকেই শোকে স্তব্ধ হয়ে পড়েন। সামাজিক মাধ্যমে আবেগঘন স্মৃতিচারণায় ভরে ওঠে টাইমলাইন। কেউ লিখেছেন, ‘এভাবে চলে যাওয়ার কথা না’, কেউ বলছেন, ‘শেষবার দেখা হলো না’। আবার অনেকেই জানাচ্ছেন, অল্প কিছুদিন আগেও তাঁকে তুলনামূলক সুস্থই দেখেছেন। ফলে প্রশ্ন উঠছে, হঠাৎ কী ঘটেছিল?
হাসপাতালে উপস্থিত অভিনেতা মাসুদ রানা মিঠু বলেন, ‘আমি গিয়ে দেখি ভাইকে এমআরআই রুমে নেওয়া হয়েছে। কিছুক্ষণ পর নিজেই হেঁটে বের হয়ে এলেন। আমাদের দিকে তাকিয়ে হাসলেন। আমরা বললাম, ভাই আমরা আছি। উনি বললেন, আচ্ছা। তখন তো মনে হয়নি, এত বড় কিছু ঘটতে যাচ্ছে।’
কিন্তু সেই স্বাভাবিকতার মধ্যেই হঠাৎ নেমে আসে বিপর্যয়। এমআরআই শেষে ড্রেসিংরুমে পোশাক পরিবর্তনের সময় আচমকা মেঝেতে লুটিয়ে পড়েন শামস সুমন। সঙ্গে সঙ্গে উপস্থিত সহকর্মীরা ছুটে যান। কয়েকজন মিলে তাঁকে তুলে ধরার চেষ্টা করেন। তখন তিনি কাতর স্বরে ‘ও আল্লাহ, ও মা’ বলতে বলতে নীরব হয়ে যান।
দ্রুত শামস সুমনকে জরুরি বিভাগে নেওয়া হয়। শুরু হয় চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা। প্রায় ৪০ মিনিট ধরে চলে সেই লড়াই। কিন্তু শেষ পর্যন্ত আর তাঁকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে চিকিৎসকেরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। পরে জানা যায়, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (কার্ডিয়াক অ্যারেস্ট) তাঁর মৃত্যু হয়েছে।
- ট্যাগ:
- বিনোদন
- জানাজা সম্পন্ন
- অভিনেতার মৃত্যু