নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত: আহত অন্তত ৬৬, উদ্ধারে লাগতে পারে ৮-১০ ঘণ্টা
বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ৮ বগি লাইনচ্যুতের ঘটনায় অন্তত ৬৬ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
নওগাঁ ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আবু জার গাফফার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখন পর্যন্ত নীলসাগরের ৬০ যাত্রী আমাদের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ৪০ জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ২০ জন ভর্তি আছেন।'
আহতদের ১০ জনের শরীরের বিভিন্ন জায়গায় হাড়ে ফ্র্যাকচার হয়েছে এবং একজনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।
আদমদিঘী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল হালিম জানান, এ হাসপাতালে ৬ জন যাত্রী চিকিৎসা নিয়েছেন।
আজ বুধবার দুপুর ২টার দিকে সান্তাহার স্টেশন থেকে ৩ কিলোমিটার দূরে আদমদীঘির বাগবাড়িয়া এলাকায় ঢাকা-চিলাহাটি নীলসাগর ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়।
সান্তাহারের স্টেশন মাস্টার খাদিজা বেগম দ্য ডেইলি স্টারকে জানান, পার্বতীপুর থেকে একটি উদ্ধারকারী দল সান্তাহার স্টেশনে পৌঁছেছে।
উদ্ধারকাজ সম্পন্ন হতে কত সময় লাগবে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- রেল দুর্ঘটনা