সারাদেশে ফ্রি ওয়াই-ফাই জোন চালু করছে আম্বার আইটি
ইন্টারনেট ব্যবহার আরও সহজ করতে দেশব্যাপী ওয়াই-ফাই জোন স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে আম্বার আইটি লিমিটেড। এসব জোনে প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহকেরা বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রথম ধাপে দেশের পাঁচটি স্থানে ওয়াই-ফাই জোন চালু করা হয়েছে। চলতি বছরের মধ্যে ধাপে ধাপে মোট ৫০০টি জোন চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ এলাকাকে অগ্রাধিকার দিয়ে এসব পয়েন্ট স্থাপন করা হবে।
ওয়াই-ফাই জোন পরিচালনায় স্থানীয় উদ্যোক্তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। ফার্মেসি, চায়ের দোকান কিংবা মুদি দোকানের মতো ছোট ব্যবসা প্রতিষ্ঠানকে কেন্দ্র করেই গড়ে তোলা হবে এসব পয়েন্ট। এতে একদিকে যেমন ইন্টারনেট সেবা সম্প্রসারিত হবে, অন্যদিকে স্থানীয় ব্যবসায়ীদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হবে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম বলেন, সবার জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট নিশ্চিত করাই তাদের লক্ষ্য। ওয়াই-ফাই জোন উদ্যোগ সাধারণ মানুষের জন্য সহজ সংযোগ নিশ্চিত করবে। পাশাপাশি এটি স্থানীয় উদ্যোক্তাদের জন্যও সম্ভাবনা তৈরি করবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ফ্রি ওয়াইফাই জোন