নেতাদের ইফতার পার্টিতে গুঞ্জন, ছাত্রদলের কি নতুন কমিটি হচ্ছে
বিএনপি এখন ক্ষমতায়, তাই দলটির সহযোগী সংগঠন ছাত্রদলও চাঙা। তার মধ্যেই ছাত্রদলের কয়েকজন নেতার ইফতার পার্টি তৈরি করেছে কৌতূহল। তাতে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটির গুঞ্জন ছড়াচ্ছে।
মেয়াদ ফুরিয়ে যাওয়ায় নতুন কমিটির আলোচনাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় নেতৃত্ব। তবে তাঁরা বলছেন, নতুন কমিটি কবে হবে, তা ঠিক করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
জুলাই গণ-অভ্যুত্থানের আগে ২০২৪ সালের ১ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় ছাত্রদলের সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ঘোষণা করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাত সদস্যের কমিটিও, যার নেতৃত্বে আছেন গণেশ চন্দ্র রায় ও নাহিদুজ্জামান শিপন।
গঠনতন্ত্র অনুযায়ী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর, বিশ্ববিদ্যালয় কমিটির এক বছর। সেই হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটির মেয়াদ এক বছর আগে শেষ হয়েছে। চলতি মাসে বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদও ফুরাবে।
২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের দেড় দশকের শাসনের অবসানের পর চাপমুক্ত হয় ছাত্রদলও। এরপর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চলছিল তৎপরতা। তবে কোনো নির্বাচনেই প্রত্যাশিত ফল পায়নি সংগঠনটি।