বিশ্বকাপ সম্ভাবনায় বড় চোট, তবু প্রত্যয়ী নেইমার, ‘স্বপ্ন বেঁচে আছে’
নেইমারের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তার মেঘ ঘনীভূত হলো আরও। বিশ্বকাপের জন্য দল গুছিয়ে নেওয়ার প্রক্রিয়ায় সামনে যে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, সেখানে জায়গা হয়নি এই তারকার। কোচ কার্লো আনচেলত্তি অবশ্য এখনও আশা দেখিয়ে যাচ্ছেন তাকে। দলে জায়গা না পেয়ে হতাশ হলেও নেইমার বলছেন, বিশ্বকাপ স্বপ্ন এখনও মরে যায়নি তার।
বিশ্বকাপের আগে নিজেদের অবস্থান পরখ করে নিতে ম্যাচ দুটি খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য। আগামী ২৬ মার্চ ফ্রান্সের বিপক্ষে লড়বে তারা বস্টনে, ৩১ মার্চ অরল্যান্ডোতে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
নেইমার যে এবারও স্কোয়াডে জায়গা পাচ্ছেন না, সেই আভাস অবশ্য মিলছিল আগে থেকেই। তাকে কাছ থেকে দেখতেই গত ১০ মার্চ ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে সান্তোসের ম্যাচটি দেখতে যাওয়ার কথা ছিল কোচ আনচেলত্তির। কিন্ত পেশির অস্বস্তির কারণে সেই ম্যাচটি খেলতে পারেননি নেইমার। তার সম্ভাবনায় কুঠারাঘাত পড়ে এখনই। আনচেলত্তি বেশ অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন তখনই।