নতুন পারমাণবিক ঘড়ির বিস্ময়কর নির্ভুলতা, বদলে যেতে পারে সেকেন্ডের সংজ্ঞা
চীনের একদল গবেষক বিশ্বের অন্যতম নির্ভুল একটি ঘড়ি তৈরি করেছেন। এটি এতটাই নিখুঁত যে অদূর ভবিষ্যতে বিজ্ঞানীরা হয়তো এর ওপর ভিত্তি করে সেকেন্ডের দাপ্তরিক সংজ্ঞা পুনর্নির্ধারণ করতে চলেছেন। এ ঘড়িটিকে বলা হয় স্ট্রনশিয়াম অপটিক্যাল ল্যাটিস ক্লক। অত্যাধুনিক এই ঘড়ি দশমিকের পর ১৯ ঘর পর্যন্ত সেকেন্ডের হিসাব দিতে পারে। সহজভাবে বললে, আপনি যদি এই ঘড়িকে টানা ৩০ হাজার কোটি বছর চালিয়ে রাখেন, তবে এটি বড়জোর এক সেকেন্ড এদিক-সেদিক হতে পারে।
এই পর্যায়ের নির্ভুলতা সাম্প্রতিক সময়ের আগপর্যন্ত অসম্ভব ছিল। আগামী দশকের মধ্যে আন্তর্জাতিক মানদণ্ডে সেকেন্ডের সংজ্ঞা পরিবর্তন করার যে লক্ষ্য বিজ্ঞানীদের রয়েছে, এই আবিষ্কার সেই পথে একটি বড় পদক্ষেপ। বিজ্ঞানীরা জানান, সেকেন্ডের সংজ্ঞা পরিবর্তনের আগে কিছু শর্ত পূরণ করা প্রয়োজন। প্রথমত, একই ধরনের টিক বা স্পন্দন দিতে সক্ষম অন্তত তিনটি অপটিক্যাল ক্লক বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে থাকতে হবে এবং সেগুলোর নির্ভুলতা ও স্থায়িত্ব একটি নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী হতে হবে। চীনের তৈরি এই নতুন ঘড়িটি সেই নির্ভুলতা এবং স্থায়িত্বের শর্ত পূরণ করেছে। এটি শুধু নিখুঁত সময় গণনাই নয়, বরং বিজ্ঞানীদের ডার্ক ম্যাটার অনুসন্ধান এবং পৃথিবীর অভিকর্ষজ ক্ষেত্রের সূক্ষ্ম পার্থক্য পরিমাপেও সাহায্য করবে।