রমজান মাসের বাকি দিনগুলোয় সাহ্রি ও ইফতারে কী খাবেন
রমজান মাসের আর অল্প কয়েকটা দিন বাকি। লম্বা ছুটিতে অনেকেই বাড়ি যাচ্ছেন। এদিক-ওদিক ঘুরতে যাচ্ছেন। জায়গা বদলের কারণে জীবনধারায় কিছুটা পরিবর্তন আসতে পারে। নিজের বাড়িতে থাকলেও ছুটির আমেজে জীবনধারা বদলায়। এ সময়ের সাহ্রি ও ইফতার প্রসঙ্গে ঢাকার আজিমপুরে অবস্থিত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা আকতার–এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম।
যেসব বিষয় খেয়াল রাখতে হবে
সাহ্রি ও ইফতারে নিয়মমাফিক চলা এই শেষ কয়েকটা দিনের জন্যও গুরুত্বপূর্ণ। নইলে হুট করে অসুস্থ হয়ে পড়তে পারেন। তাতে ঈদের আনন্দ মাটি হয়ে যেতে পারে। কম তেল আর কম মসলায় তৈরি করা সহজপাচ্য খাবার বেছে নিন।
রোজকার পানির চাহিদা পূরণে সচেতন থাকুন। ছুটির আমেজে অনেকেরই শরীরচর্চার নিয়ম বদলে যায়। তাই অতিরিক্ত ক্যালরি গ্রহণ এড়িয়ে চলার ব্যাপারে চাই বাড়তি সতর্কতা। এ ছাড়া একবারে অতিরিক্ত খাবার খাওয়া উচিত নয়।