ঈদের ছুটিতে টাকা-গয়না আত্মীয়র বাসায়, নইলে থানায় রাখুন: পুলিশ
ঈদে ঢাকা ছাড়ার আগে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার বা গুরুত্বপূর্ণ দলিলাদি ‘অরক্ষিত অবস্থায়’ না রেখে আত্মীয়-স্বজনদের বাসায় রেখে যেতে পরামর্শ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।
তবে ঢাকায় কারো স্বজন না থাকলে তা থানায় রেখে যেতে বলেছেন তিনি।
ঘরমুখো মানুষের ঈদযাত্রা ও ঈদে রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরতে রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন পুলিশ কর্মকর্তা সরওয়ার।
তিনি বলেন, ঈদ উপলক্ষে নগরবাসীর ঈদযাত্রা সুগম করা এবং ফাঁকা রাজধানীর নিরাপত্তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। রাজধানীবাসী যেন ‘নিরাপদে ও নির্ভাবনায়’ ঈদ উদযাপন করতে পারেন, সেই লক্ষ্যে ডিএমপি ‘পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা’ হাতে নিয়েছে।
নগরবাসীর উদ্দেশে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “নগদ অর্থ স্বর্ণালংকার বা গুরুত্বপূর্ণ দলিল অরক্ষিত অবস্থায় রাখবেন না। এগুলো আপনার আত্মীয়স্বজনের বাসায় রেখে যাবেন।”
ঢাকায় যাদের স্বজন নেই, তাদের ক্ষেত্রে কী হবে? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে মো. সরওয়ার বলেন, “প্রয়োজনে আমাদের পুলিশের সাহায্য নেবে, অসুবিধা কী! এ ক্ষেত্রে থানায় রাখতে পারে।”