বরিশালে শের-ই-বাংলা মেডিকেলে অস্ত্রোপচারের আগে অ্যানেসথেসিয়া দিতেই দুই নারীর মৃত্যু
বরিশালের শের-ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের জন্য অ্যানেসথেসিয়া (চেতনানাশক) ইনজেকশন প্রয়োগের পর পরই দুই নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে হাসপাতালের চতুর্থ তলায় নাক, কান ও গলা (ইএনটি) বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
মারা যাওয়া দুই নারী রোগী হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডাবলুগঞ্জ গ্রামের মান্নানের স্ত্রী সেফালী বেগম (৬০) ও বরিশাল বিমানবন্দর থানার কাশীপুর এলাকার মৃত বাবু হাওলাদারের স্ত্রী হেলেনা বেগম (৪৫)। তাঁরা দুজনই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।
স্বজনদের বরাতে জানা যায়, সেফালীর গালে টিউমার এবং হেলেনার থাইরয়েড সমস্যার কারণে আজ রোববার সকাল সাড়ে আটটায় তাঁদের অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। এর আগে সকাল সাড়ে ছয়টার দিকে ওয়ার্ডের নার্স মলিনা রাণী হালদার তাঁদের শরীরে ‘নরকিউ’ ১০ মিলিগ্রাম অ্যানেসথেসিয়া ইনজেকশন পুশ করেন। ইনজেকশন দেওয়ার দুই থেকে পাঁচ মিনিটের মধ্যেই দুই রোগী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের মৃত্যু হয়।