রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভেঙে যায়?
রমজান মাসে রোজা পালন ইসলামের অন্যতম ফরজ ইবাদত। তবে শারীরিক অসুস্থতা, বিশেষ করে শ্বাসকষ্ট (হাঁপানি/ অ্যাজমা বা সিওপিডি) রোগীদের ক্ষেত্রে প্রায়ই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে— রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে কি রোজা ভেঙে যায়?
রোজা অবস্থায় অ্যাজমার ইনহেলার ব্যবহারের ‘ফিকহি’ বিশ্লেষণ কেবল ‘কিয়াস’ ও প্রতিষ্ঠিত ‘ফিকহে’র ওপর নির্ভরশীল নয়; বরং এটি সরাসরি কোরআনিক নির্দেশনার ভিত্তিতেও প্রতিষ্ঠিত।
আল্লাহ তা‘আলা কুরআনে বলেন— “হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।” (সূরা আল-বাকারা ২:১৮৩)
এই আয়াত রোজার গুরুত্ব ও তার আধ্যাত্মিক লক্ষ্য নির্ধারণ করে। তবে একই প্রসঙ্গে কোরআন শরীফ অসুস্থ ব্যক্তির জন্য সরাসরি ছাড় প্রদান করেছে— “আর তোমাদের মধ্যে যে অসুস্থ থাকবে বা সফরে থাকবে, সে অন্য দিনসমূহে তা পূরণ করবে।” (সূরা আল-বাকারা ২:১৮৫)
এই আয়াত অসুস্থতার ক্ষেত্রে শরীয়তের সহজীকরণ নীতির মৌলিক দলিল। প্রাচীন ও সমসাময়িক- দুই যুগের ফকিহগণ চিকিৎসাজনিত প্রয়োজনীয়তার আলোচনায় এই আয়াতকে ভিত্তি হিসেবে গ্রহণ করেছেন।
এতে স্পষ্ট যে, প্রকৃত অসুস্থতার ক্ষেত্রে শরীয়ত কষ্ট আরোপ করতে চায় না।