নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস, ‘সিটি স্ক্যানের রিপোর্ট ভালো’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে এখনো নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
রাজধানী এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শুক্রবার মস্তিষ্কের অস্ত্রোপচারের পর বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।
এদিন বিকালে ডা. রফিক বলেন, “সকালে ওনার (মির্জা আব্বাস) সিটি স্ক্যান করা হয়েছে…এর রিপোর্ট ভালো এসেছে।
“মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সার্বক্ষণিক তাকে দেখছেন। ক্লোজ মনিটরিংয়ে আছেন তিনি।”
বুধবার ইফতারের পর মির্জা আব্বাস অসুস্থ হয়ে পড়েন। রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেছিলেন, মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, শুক্রবার তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সেখানে নিয়ে যেতে বিভিন্ন হাসপাতালের সঙ্গে আলোচনা চলছে।