‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে এ দেশে বিএনপি থাকতে পারবে না’
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালার একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘যিনি (বিএনপি প্রার্থী) আমার ক্যান্ডিডেট ছিলেন, তিনি বক্তব্য দিয়ে বলেছেন, বিএনপিকে নিয়ে খোঁচাখুঁচি করবেন না! আরে আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁচি করলে এ দেশে বিএনপি থাকতে পারবে না!’ গতকাল শুক্রবার বাহাদুরপুরে এক ইফতার মাহফিলে এসব কথা বলেন হানজালা। গতকাল রাতে তাঁর বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
জানা গেছে, গতকাল শিবচর উপজেলার ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানের কুয়েত রিলিফ সোসাইটির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ উন্নয়ন সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের মনোনীত স্থানীয় সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
৪ মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে হানজালাকে বলতে শোনা গেছে, ‘এ দেশের প্রবাসী ভাইয়েরা আমাদের বিশ্বাস করেছেন। এ দেশের সর্বস্তরের মানুষ আমাদের বিজয়ী করেছে। এ জন্য আমাদের জমা-খরচ দিয়ে রাজনীতি করতে হবে, বিষয়টি এ রকম নয়। আমি গত কয়েক দিন যাবৎ ভালোমতো খেয়াল করেছি, আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন, তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপি ভাইয়েরা। কিন্তু আমি তাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা কি এটা মনে করছেন না, আমি হানজালা নির্বাচিত হবার পর আমার একটা নেত্রীবৃন্দও কারও সাথে খারাপ ব্যবহার করেনি, আমার একটা নেতৃবৃন্দ হুমকি-ধামকি দেয় নাই! আমি হানজালা এমপি হবার আগে আমার কতটুকু পাওয়ার (শক্তি) ছিল এই শিবচরের মাটিতে তা আপনারা দেখেন নাই? তাহলে আপনারা কি মনে করছেন? আমি চুপ করে আছি। কারণ, আমি শান্তি চাই। আমি শিবচরের প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করতে চাই। আমি শিবচরের প্রতিটি সদস্যকে নিয়ে কাজ করতে চাই। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়। যদি মনে করেন হানজালার চুপ করে থাকা দুর্বলতা, তাহলে সেটা আপনাদের ভুল, আপনার চিন্তায় ভুল করেছে। হানজালা চুপ করে থাকা মানে হানজালা শিবচরের মাটিতে শান্তি চায়।’ ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, ‘যিনি (বিএনপি প্রার্থী) আমার ক্যান্ডিডেট ছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন বিএনপিকে খোঁচাখুঁচি করবেন না। আরে আমি হানজালা বিএনপিকে খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না। আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে-খেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে। তাহলে আমি শান্তি চাই। আমার চুপ করে থাকা মানে বারবার বলছি এটা কোনো দুর্বলতা নয়। আমি নতুনত্বের রাজনীতি চাই। আমি শিবচরে কোনো প্রতিহিংসা-আধিপত্যের রাজনীতি আগামীতে দেখতে চাই না। এ জন্য বলছি আসুন ভালোবাসা দিয়ে কাজ করি, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি।’