এবারের আইপিএলে সুরিয়াভানশির অপেক্ষায় ‘শিক্ষা’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৪:৫৬
গত আইপিএলে বৈভাব সুরিয়াভানশিকে ঘিরে ছিল বিস্ময়, রোমাঞ্চ ও উচ্ছ্বাস। তিনি নিজে যেমন উপহার দিয়েছেন চমকপ্রদ পারপরম্যান্স, তেমনি তার প্রতিভার ছটায় চোখ ধাঁধিয়ে গেছে প্রতিপক্ষের। এবারের বাস্তবতা ভিন্ন হবেই মনে করেন রবিন উথাপ্পা। এবার প্রতিপক্ষ তৈরিই থাকবে তাকে নিয়ে। সামনের আইপিএলে তাই ভারতের বিস্ময় বালকের কঠিন চ্যালেঞ্জ দেখছেন সাবেক এই ব্যাটসম্যান।
গত আইপিএলের আগেও সুরিয়াভানশিকে নিয়ে তোলপাড় ছিল। বয়সভিত্তিক ও বিভিন্ন আঞ্চলিক পর্যায়ের ক্রিকেটে তার প্রতিভা আর ব্যাটের ধার দেখেই নিলামে তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে নিয়েছিল রাজস্থান রয়্যালস। তবে সেই আলোচনা বা হইচই, সবকিছু তিনি অন্য উচ্চতায় তুলে নেন আইপিএলের পারফরম্যান্সে।