সংসদ অধিবেশন শুরু: প্রথম দিনেই সংসদে উত্তাপ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই উত্তাপ ছড়াল। সংসদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের বিরোধিতা করে বিরোধীদলীয় সংসদ সদস্যরা প্ল্যাকার্ড প্রদর্শন ও ওয়াকআউট করেন। অবশ্য সংসদের সব গঠনমূলক কাজে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাস দিয়েছে বিরোধী দল।
ত্রয়োদশ সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন যথাক্রমে ভোলা-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং নেত্রকোনা-১ আসনের একই দলের সংসদ সদস্য কায়সার কামাল।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৫ মিনিটে শুরু হয় সংসদের প্রথম অধিবেশন। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মাওলা কার্যক্রমের সূচনা করেন। স্পিকারের চেয়ার ফাঁকা রেখে শুরু হয় সংসদের কার্যক্রম। স্পিকারের চেয়ারের পাশে রাখা হয় রাষ্ট্রপতির জন্য চেয়ার।
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দাঁড়িয়ে অধিবেশন শুরুর জন্য একজন সদস্যকে নির্বাচনের কথা বলেন। তিনি বলেন, ‘আমাদের সংসদীয় রীতিনীতির ইতিহাসে এই ধরনের পরিপ্রেক্ষিত নজিরবিহীন নয়। ১৯৭৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম শেখ মুজিবুর রহমান ওই সংসদের সদস্য মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের নাম প্রস্তাব করেছিলেন।’