অসচেতন জীবনযাপনেই বাড়ছে কিডনি রোগের ঝুঁকি
আজ বিশ্ব কিডনি দিবস। কিডনি রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, প্রতিরোধ ও দ্রুত শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতেই বিশ্বজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। বাংলাদেশেও কিডনি রোগকে এখন বড় একটি জনস্বাস্থ্য সমস্যার হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সচেতনতার অভাব, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ গ্রহণ এসব কারণে দেশে কিডনি রোগীর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে।
এই প্রেক্ষাপটে কিডনি রোগের বর্তমান পরিস্থিতি, ঝুঁকি ও প্রতিরোধ নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজির আবাসিক চিকিৎসক ডা. মীর রাশেদুল হাসান কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে।
বাংলাদেশে কিডনি রোগকে এখন কতটা বড় জনস্বাস্থ্য সমস্যার হিসেবে দেখা হচ্ছে? সাম্প্রতিক পরিস্থিতি কেমন?
ডা. মীর রাশেদুল হাসান: বর্তমানে বাংলাদেশে কিডনি রোগ একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। বাংলাদেশে বর্তমানে ৩ কোটি ৮০ লাখ মানুষ কোন না কোনভাবে কিডনি রোগে আক্রান্ত।
এছাড়া বিভিন্ন গবেষণায় দেখা যায়, দেশের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ মানুষ কোনো না কোনো ধরনের কিডনি সমস্যায় ভুগছেন। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো অনেকেই জানেন না যে তাদের কিডনিতে সমস্যা শুরু হয়েছে। প্রতি বছর হাজার হাজার নতুন রোগী কিডনি বিকলতার দিকে এগিয়ে যাচ্ছেন। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, স্থূলতা এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন এর প্রধান কারণ। অনেক রোগী যখন চিকিৎসকের কাছে আসেন, তখন রোগটি ইতোমধ্যে অনেকটা অগ্রসর হয়ে যায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- বিশ্ব কিডনি দিবস