হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১৬:৫৭
গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির কাছাকাছি একটি বাল্ক ক্যারিয়ার জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এটি একই দিনে ওই এলাকায় হামলার শিকার হওয়া তৃতীয় জাহাজ।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ শিপিং লেন এখন সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা তদারকি সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, দুবাইয়ের উত্তর-পশ্চিমে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটি একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়।
তবে জাহাজটির সব নাবিক নিরাপদে আছেন এবং এ ঘটনায় পরিবেশের কোনো ক্ষতি হয়নি বলে ইউকেএমটিওর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।