বিচারপ্রক্রিয়ার ওপর আস্থার সংকট দেখা দিতে পারে: ইফতেখারুজ্জামান
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মামলায় কারাবন্দী সাবেক একজন সংসদ সদস্যের জামিন করিয়ে দিতে একজন প্রসিকিউটরের এক কোটি চাওয়ার ঘটনা প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীন বিচারপ্রক্রিয়ার ওপর মানুষের আস্থার সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ইফতেখারুজ্জামান আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, আইন পেশা কতটা গভীরে নিজেকে কলুষিত করেছে, তারই একটি উদাহরণ এ ঘটনা। একই সঙ্গে এটি আরও বেশি উদ্বেগের। কারণ, এর ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীন বিচারপ্রক্রিয়ার ওপর মানুষের আস্থার সংকট দেখা দিতে পারে। এমন দুর্নীতির চর্চা প্রকৃত অপরাধীদের যথাযথ জবাবদিহির সম্ভাবনাকেও ক্ষতিগ্রস্ত করবে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি চট্টগ্রাম-৬ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। মামলায় তাঁকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তাঁর পরিবারের কাছে এক কোটি টাকা চেয়েছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার। হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এমন তথ্য পাওয়া গেছে। রেকর্ডিংগুলো সংগ্রহ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ। প্রথম আলো ও নেত্র নিউজ রেকর্ডিংগুলো যাচাই করে দেখেছে। এ নিয়ে আজ একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ।