বিপুল মাথার খুলি ও হাড় জব্দ: দীর্ঘদিন ধরে অবৈধ বাণিজ্য করতেন ডেন্টালের দুই শিক্ষার্থী
উত্তরার সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতাল থেকে ফাইনাল পরীক্ষা দিয়ে ইন্টার্নশিপের জন্য অপেক্ষা করছেন মো. ফয়সাল আহম্মেদ (২৬)। আর একই কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিক (২৫)। তাঁরা কয়েক বছর ধরেই কলেজের শিক্ষার্থীদের কাছে এবং অনলাইনে নিজেদের গ্রুপের মাধ্যমে কঙ্কাল বিক্রি করতেন। এ কাজে জড়িত প্রায় সাতজনের একটি সক্রিয় চক্র। কবর থেকে চুরি করে এসব কঙ্কাল বিক্রি করতেন ফয়সাল ও সৌমিক।
গতকাল সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ের মণিপুরীপাড়া, তেজগাঁও কলেজ ও উত্তরা এলাকা থেকে ফয়সল, সৌমিকসহ আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় এঁদের কাছ থেকে ৪৭টি মাথার খুলি ও বিপুল পরিমাণ মানবদেহের হাড়সহ কঙ্কাল উদ্ধার করা হয়।
আজ দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইবনে মিজান।
মোহাম্মদ ইবনে মিজান বলেন, ‘রমজানের শুরু থেকে আমাদের বিশেষ অভিযান চলছে। গতকাল রাতে তেজগাঁও থানা-পুলিশ বিশেষ অভিযানের প্রস্তুতিকালে জানতে পারে তেজগাঁও মণিপুরীপাড়ার একটি জায়গায় মানব কঙ্কাল বিক্রির চেষ্টা হচ্ছে। পুলিশ সেখানে গিয়ে এক ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তাঁর হেফাজত থেকে একটি মানব কঙ্কাল জব্দ করা হয়। কাজী জহুরুল ইসলাম ওরফে সৌমিক (২৫) নামের ওই ব্যক্তিকে আটকের পর তাঁকে জিজ্ঞাসাবাদে এর সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের নাম পাওয়া যায় এবং আরও দুজন কঙ্কালসহ তেজগাঁও কলেজের সামনে অবস্থা করছে বলে তথ্য পাওয়া যায়। পরে সেখান থেকে মো. আবুল কালাম (৩৯) ও আসাদুল মুন্সী (৩২) নামের দুজনকে দুটি মানব কঙ্কালসহ গ্রেপ্তার করা হয়।