যুদ্ধের প্রভাব মোকাবিলায় আবাসন খাতে ৩ হাজার কোটি টাকার তহবিল চায় রিহ্যাব
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবিলা করে দেশের আবাসন খাত সচল রাখতে বাংলাদেশ ব্যাংকের কাছে ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-রিহ্যাব।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে নতুন গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনটির নেতারা এ দাবি তুলে ধরেন।
রিহ্যাবের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটির প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে দেখা করে আবাসন খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে কেন্দ্রীয় ব্যাংকের নীতিগত ও আর্থিক সহায়তার প্রয়োজনীয়তার কথা জানায়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট-১ লায়ন এম এ আউয়াল, পরিচালক মো. কামরুল ইসলাম এবং মিরাজ মুক্তাদির।
রিহ্যাব নেতারা বলেন, আবাসন খাত দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ খাত এবং এর সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ২৫০টির বেশি শিল্পখাত যুক্ত। দ্রুত নগরায়ন ও জনসংখ্যা বৃদ্ধির কারণে দেশে আবাসনের চাহিদাও ক্রমেই বাড়ছে। তবে সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধি, অর্থায়নের সংকট ও বাজারে ‘অনিশ্চয়তা’ তৈরি হয়েছে।