রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: এবার রণাঙ্গনে নামল ‘আর্মড রোবট’
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১১:১৬
আকাশ ও সমুদ্রের পর এবার যুদ্ধের ময়দান দখল করছে মেশিনগান ও বিস্ফোরক সজ্জিত চালকবিহীন স্থলযান বা ইউজিভি। সৈন্য সংকট মেটানো এবং সম্মুখ সমরে মানুষের ঝুঁকি কমাতে ইউক্রেইন ও রাশিয়া উভয় দেশই এখন সরাসরি লড়াইয়ে নামাচ্ছে আর্মড রোবট।
বিবিসি লিখেছে, রুশ আক্রমণের শুরু থেকেই ইউক্রেইন যুদ্ধ উচ্চপ্রযুক্তির লড়াইয়ে পরিণত হয়েছে। ইউক্রেইনের আকাশে এখন ঝাঁকে ঝাঁকে নজরদারি ও আত্মঘাতী ড্রোন উড়ছে, আর কৃষ্ণ সাগরে চালকবিহীন ড্রোনবটের আঘাতে রুশ নৌবাহিনী বিপর্যস্ত।
এখন বড় পরিসরে স্থলে যুদ্ধের জন্য অস্ত্রধারী রোবট মোতায়েন শুরু করেছে ইউক্রেইন। এ চালকবিহীন স্থলযান বা ‘ইউজিভি’ এরইমধ্যে যুদ্ধে এদের কার্যকারিতা প্রমাণ করেছে। এসব রোবট সফলভাবে রুশ আক্রমণ ঠেকানো ও শত্রু সেনাদের বন্দিও করছে।