ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হত্যার তদন্তে কমিটি
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা হত্যার ঘটনা তদন্তে কমিটি করেছে প্রশাসন।
শনিবার দুপুরে প্রশাসনের জরুরি সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. মনজুরুল হক বলেন, “পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। কেন, কী প্রেক্ষাপটে হত্যার ঘটনা ঘটল তার চিত্র তুলে ধরে দ্রুততম সময়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।”
কমিটিতে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমানকে আহ্বায়ক এবং উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. গোলাম মওলাকে সদস্যসচিব করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- বাংলা বিভাগের অধ্যাপক রশিদুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ওবায়দুল ইসলাম এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক গাজী আরিফুজ্জামান খান।
কমিটির আহ্বায়ক মিজানুর বলেন, “বিষয়টি আমি শুনেছি। তবে এখনও কাগজপত্র হাতে পাইনি। কমিটির সবার সঙ্গে কথা বলে কর্মকৌশল ঠিক করা হবে। আমরা চেষ্টা করব, যত দ্রুত সম্ভব প্রতিবেদন দিতে।”
এদিকে শিক্ষক আসমা সাদিয়া রুনা হত্যার প্রতিবাদ, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও স্বজনরা।
বুধবার বিকালে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনাকে তার কক্ষে ছুরিকাঘাত করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমানকেও গলায় ক্ষতসহ উদ্ধার করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- তদন্তে কমিটি গঠন
- শিক্ষক হত্যা