স্থবিরতা ভেঙে ক্যারিয়ারের জন্য ঝুঁকি নিন
কর্মজীবনে বড় কোনো সাফল্য পেতে হলে কেবল কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, মাঝে মাঝে সাহসী কিছু সিদ্ধান্ত বা ‘ঝুঁকি’ নেওয়া অপরিহার্য হয়ে পড়ে। আমাদের মস্তিষ্ক প্রাকৃতিকভাবেই আমাদের নিরাপদ রাখতে চায়, যাকে মনোবিজ্ঞানের ভাষায় ‘নেতিবাচক পক্ষপাত’বলা হয়। এই আদিম স্বভাবের কারণেই আমরা সম্ভাব্য লাভের চেয়ে ক্ষতির ভয় বেশি পাই। কিন্তু আধুনিক পেশাদার বিশ্বে আসল ঝুঁকি কিছু না করে এক জায়গায় স্থবির হয়ে থাকা। স্পষ্টতা বা স্বচ্ছতা কেবল চিন্তা থেকে আসে না। এসব আসে কাজের মাধ্যমে। সবকিছুর নিখুঁত পরিকল্পনার জন্য বসে না থেকে আত্মবিশ্বাসের সঙ্গে পদক্ষেপ নিন। সঠিক সময়ে নেওয়া একটি ছোট ঝুঁকিই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।
আরামদায়ক অবস্থা থেকে বের হন
উন্নতির একমাত্র পথ হলো অস্বস্তি বা চ্যালেঞ্জকে আলিঙ্গন করা। সাহসিকতার সঙ্গে সেগুলোকে মোকাবিলা করা। সেই মানসিকতাও আগে থেকে তৈরি করে নিতে হবে। কারণ, যখন সবকিছু খুব সহজ মনে হয়, তখন শেখার সুযোগ কমে যায়। নিজেকে প্রশ্ন করুন—আসল ঝুঁকি কোনটি—সাহসী কিছু করা নাকি কিছুই না করে সুযোগ হারানো? যাঁরা ঝুঁকি নিতে ভয় পান, তাঁরা অজান্তেই নিজের বৃদ্ধির পথ বন্ধ করে দেন।