রোজায় পিপাসা কমাতে ইফতার থেকে সাহ্রি পর্যন্ত যেভাবে পানি খাবেন
সাধারণভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে দুই থেকে আড়াই লিটার পানি প্রয়োজন। রোজার মাসে এই পরিমাণ পানি ইফতার থেকে সাহ্রির মধ্যে ভাগ করে নিতে হবে। একবারে অনেক বেশি পানি পান না করে ধীরে ধীরে নির্দিষ্ট বিরতিতে পান করাই উত্তম।
ইফতারে শুরুটা হোক সঠিকভাবে
ইফতারের সময় দীর্ঘ উপবাসের পর শরীর দ্রুত পানি শোষণ করে। তাই শুরুতেই এক থেকে দুই গ্লাস স্বাভাবিক তাপমাত্রার পানি পান করুন। খুব ঠান্ডা পানি একসঙ্গে বেশি পান করলে অস্বস্তি হতে পারে। চাইলে লেবু মেশানো পানি বা প্রাকৃতিক ফলের শরবত খেতে পারেন, তবে অতিরিক্ত চিনি এড়িয়ে চলাই ভালো।
ইফতার ও রাতের খাবারের মাঝের সময়
ইফতার ও রাতের খাবারের মাঝখানে দুই থেকে তিন গ্লাস পানি ধীরে ধীরে পান করুন। রাতের খাবারের পর ও ঘুমাতে যাওয়ার আগপর্যন্ত আরও এক থেকে দুই গ্লাস পানি পান করা যেতে পারে। একবারে বেশি না খেয়ে ৩০ থেকে ৪৫ মিনিট পরপর অল্প অল্প করে পানি পান করলে শরীর ভালোভাবে তা ব্যবহার করতে পারে।
সাহ্রিতে কীভাবে পানি খাবেন
সাহ্রির সময় অন্তত দুই গ্লাস পানি পান করার চেষ্টা করুন। তবে একেবারে শেষ মুহূর্তে অতিরিক্ত পানি পান না করে খাবারের সঙ্গে এবং খাবারের পর কিছুটা বিরতি দিয়ে পানি পান করুন। এতে পেট ভারী লাগবে না এবং শরীরও ধীরে ধীরে পানি শোষণ করতে পারবে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- পবিত্র রমজান মাস
- পানি পান